সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন বড়লেখার কৃতি সন্তান আব্দুল কুদ্দুস

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কুদ্দুসকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত এর স্বাক্ষরিত পত্রের প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃতিসন্তান।
তিনি দীর্ঘদিন সিলেট শিক্ষাবোর্ডের ডেপুটি কন্ট্রোলারের দায়িত্ব পালন করেন। প্রফেসর মো. আব্দুল কুদ্দুছ ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে এমসি কলেজ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেন। কলেজ অধ্যক্ষের অনুপস্থিতে বিভিন্ন সময়ে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি সপ্তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১৯৮৮ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে প্রথম তিনি এমসি কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে থাকা অবস্থায় মাস দু-এক আগে শতবছরের ঐতিহ্যবাহী এ কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পান এবং এ পদেই বর্তমানে কর্মরত।
তার এই সম্মানজনক দায়িত্বে আদিষ্টের খবরে এমসি কলেজসহ সিলেটে অধ্যয়নরত সকল বড়লেখী শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ৭১ নিউজ প্রতিনিধি ও বড়লেখা ছাত্রপরিষদ সিলেট’র অন্যতম দায়িত্বশীল এমসি কলেজ ছাত্র কামরুল ইসলাম বাবু বলেন,”স্যারের এই কৃতিত্ব বড়লেখাবাসীর জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস।”