মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো লাখো মানুষ।

সোমবার বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবসের দিন ভোর ৬টা ১ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এরপর ৬টা ২ মিনিটে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। তারা বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন৷

এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং মন্ত্রী পরিষদের সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তাদের শ্রদ্ধা নিবেদনের পরপর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ জনতার ঢল নামে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ব্যানার-ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধে আসতে থাকে। এছাড়া সবশ্রেণি-পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন স্মৃতিসৌধে।

স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে অনবরত মুক্তিযুদ্ধের সময়কার দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে। ফলে স্বাধীনতা অর্জন উদযাপনের আবেগ ও দেশাত্মবোধকতার টানে হাজারো মানুষের ঢল ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সেখানে।

নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সকল শ্রেণির মানুষের স্রোতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ভরে উঠছে শহীদ বেদি।