সিলেট নিউজ বিডি ডেস্কঃ রাশিয়ার কেমেরোভো শহরে একটি শপিং মলে আগুন লাগার ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছের আরও অন্তত ১৬ জন। হতাহত ও নিখোঁজদের মধ্যে বেশিরভাগই শিশু বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর এ পর্যন্ত ৯টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় অনুযায়ী রোববার বিকাল পাঁচটা নাগাদ উইন্টার চেরি নামে ওই শপিং মলের চতুর্থ তলায় আগুন লাগে।
প্রাথমিকভাবে অনুমান, শপিং সেন্টারের প্রেক্ষাগৃহ থেকে আগুন লাগে। তার জেরে দুটি অডিটোরিয়ামের ছাদ ভেঙে পড়ে। যে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে, সেখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ, সিনেমা হল, বিনোদন কেন্দ্র থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
আগুন লাগার পরপরই উদ্ধারকাজ শুরু করেন দমকলকর্মীরা। এসময় সেখান থেকে দুই শতাধিক লোককে উদ্ধার করা হলেও আটকে পড়ে আরও অনেকে। এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি উদ্ধারকর্মী সেখানে উদ্ধারকাজ পরিচালনা করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।
সূত্র: বিবিসি
Sylhetnewsbd Online News Paper