সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না: সিইসি

সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ না নিলে তা ‘ভালো নির্বাচন’ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তাই এবারের নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী নির্বাচন কমিশন।

শনিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ নূরুল হুদা এই আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘কোনো দল যদি আগের অবস্থানেই থাকে, তবে সেটা দুঃখজনক হবে। কেননা সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না। তবে আমরা আশাবাদী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।’

দশম সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি রোধ করতে ইসির কি ভূমিকা থাকবে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষভাবে করব সে ব্যাপারে কমিশনের দৃঢ়তা রয়েছে। রাজনৈতিক দলগুলো কমিশনের নিরপেক্ষতা নিয়ে কারো অভিযোগ নেই।

আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচনগুলোতে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার করা হবে। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনেও যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করা হবে।

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সহযোগিতায় পিআইবি আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।