সিলেট নিউজ বিডি ডেস্ক: তিন দিনের সফরে ভারতের রাজধানী নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে যোগ দিতে যাওয়া প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
সফরকালে আওয়ামী লীগের প্রতিনিধিরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ও বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এই সফর উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এটি মূলত পার্টি টু পার্টি প্রোগ্রাম। এখানে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া বাড়বে। স্বার্থ ছাড়া সম্পর্ক গড়ে ওঠে না। তিস্তাসহ অভিন্ন নদ-নদী ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার বিষয়ে আলাপ-আলোচনা হবে। ২৪ এপ্রিল প্রতিনিধি দলটি ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রেসিডিয়াম সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মিসবাহউদ্দিন সিরাজ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং সদস্য গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।
Sylhetnewsbd Online News Paper