খুলনায় ভোট ডাকাতি চলছে, অভিযোগ বিএনপির

সিলেট নিউজ বিডি ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। তার অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে দেদারসে সিল মারছে। আর আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।

সকাল আটটা থেকেই এই ডাকাতি চলছে বলে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের। সেখাতে কেড়ে নেয়া ধরে নেয়া, আটকে রাখা, রক্তাক্ত করা, ব্যালট বাক্স নিয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এটা তো ডাকাতিরই চিহ্ন।

সকাল আটটা থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হয়। আর রাজধানীতে দলীয় কার্যালয়ে বেলা ১০টার পর সংবাদ সম্মেলন করেন রিজভী।

বিভিন্ন গণমাধ্যমে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনায় শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট হওয়ার খবর এসেছে। তবে ২৮৯টি কেন্দ্রের মধ্যে ৩০টি থেকে তার এজেন্টকে বের করে দেয়ার দাবি করেছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

তবে তিনি অভিযোগ করেছেন এমন একাধিক কেন্দ্রে গিয়ে জানা গেছে, সেখানে ধানের শীষের কোনো এজেন্ট যাননি।

রিজভী বলেন, আমরা যে আশঙ্কাগুলো করেছি, সকাল আটটা থেকে এরই মধ্যে সেগুলো প্রস্ফুটিত হয়েছে। সেই একই সন্ত্রাসের পুনঃরাবৃত্তি।

ধানের শীষের মহিলা এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে বলা হচ্ছে তারা যেনো ভোটকেন্দ্রে না যায়। ভোট কেন্দ্রে গেলে তারা হেনস্থা হবে। আর পুরুষ এজেন্টদের ওপর হামলা চলছে।