সিলেট নিউজ বিডি ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং বিশেষ মোনাজাত করেন। পরে ৩ বাহিনীর একটি চৌকষ দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। মাজার জিয়ারত শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। পরে দুঃস্থ শিশুদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরন করেন তিনি।
শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে বেলা ১১ টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পূণর্বাসন কেন্দ্রের তিন’শ দু:স্থ শিশুর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলসহ অন্যান্যরা উপিস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে এগারোটায় টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছালে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার উদ্যেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Sylhetnewsbd Online News Paper