বড়লেখায় প্রতিপক্ষের হামলায় সামছুল ইসলাম নিহত

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৭ নং তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় সামছুল ইসলাম(৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।

১ জুন (শুক্রবার) বিকেলে উপজেলার কাঞ্চনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সামছুল ইসলাম মৃত লুৎফুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের নেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সামছুল ইসলামের সঙ্গে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রায় মাসখানেক আগে একই এলাকার জনৈক সমছ উদ্দিনের কথা কাটাকাটি হয়। এ বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এনিয়ে সমছ উদ্দিনের এক আত্মীয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সামছুল ইসলামকে জড়িয়ে অশালীন মন্তব্য করেন। ফেসবুকে পোস্টটি দেখে শুক্রবার দুপুরে সামছুল ইসলাম সমছ উদ্দিনের চাচাতো ভাই বদরুল ইসলাম বদইয়ের কাছে বিচার দেন।
এসময় উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং ধাক্কা-ধাক্কির খবর পেয়ে বদরুল ইসলাম বদইয়ের স্বজনরা দা ও সুলফি নিয়ে সামছুল ইসলামের ওপর হামলা চালায়। একপর্যায়ে সামছুুল ইসলামের মাথায় ও বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় সামছুলকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার (০১ জুন) রাত সাড়ে নয়টায় বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।