সিলেট নিউজ বিডি ডেস্ক: নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লায় করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ মঙ্গলবার ২৬ জুন প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এই আদেশ দেন। একইসঙ্গে আদেশে এই মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে দেয়া রুল এক সপ্তাহের মধ্যে নিষ্পতি করতে হাইকোর্টকে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।
এর আগে গত ২৮ মে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাশকতাসহ কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন।
পরে এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। ২৯ মে আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত রেখে ৩১ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন।
সেই অনুসারে ৩১ মে শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেন।
এ ছাড়া ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত। পরে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করেন।
গত ২০ মে হাইকোর্টে ওই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়া। ২৭ মে কুমিল্লায় ওই দুই মামলার ওপর শুনানি শেষে ২৮ মে খালেদাকে জামিন দেন হাইকোর্ট।
২০১৫ সালের জানুয়ারিতে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের ৬ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
Sylhetnewsbd Online News Paper