জাতীয় ঐক্যের লক্ষ্যে কাজ চলছে : ফখরুল

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা ইতিমধ্যে জাতীয় ঐক্যের লক্ষ্যে কাজ শুরু করেছি, যদি আমরা জাতিয় ঐক্য সফল হই তবে আওয়ামী লীগ সরকার তিনদিনের বেশি টিকে থাকতে পারবেনা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে আইনের মাধ্যমে খলেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। একমাত্র আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি করতে হবে। রাজনৈতিক ভাবে তাকে বন্দি করা হয়েছে, আর রাজনৈতিক ভাবে তাকে মুক্ত করতে হবে। তাই কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, আমাদের ৫ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। ১৮ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীরা কেউ বাসায় থাকতে পারছেনা। আজকে বেশির ভাগ নেতাকর্মী এখানে-ওখানে থেকে শরণার্থী হয়ে গেছে। শুধু রোহিঙ্গারাই নয় গোটা দেশের মানুষই আজ শরণার্থী হয়ে গেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনাদের রাজপথে নেমে আসতে হবে এবং জমায়েত বাড়াতে হবে। হাজার হাজার, লাখে নেমে আসতে হবে তা না হলে সফল হবেন না। সেজন্য জনগণের কাছে যেতে হবে। সুসংগঠিত করতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনি সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।