সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরশন নির্বাচনে মেয়র পদে লড়াই করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এর আগে বেলা ১টার দিকে মেয়র পদ থেকে পদত্যাগ করেন আরিফ। মনোনয়ন দাখিলের আগে হযরত শাহজালাল (রহ:) মাজার জিয়ারত করেন তিনি।
মনোনয়ন দাখিল শেষে আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট মহানগরীর ভোটাররা আমাকে আবারও মেয়র পদে দেখতে চায়। যদি নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হয় তাহলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’ এছাড়াও দলের নেতাকর্মীসহ সিলেটের সর্বস্তরের নেতাকর্মীদের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। এখানে মনোনয়নের লড়াই থাকবে এটা স্বাভাবিক। তবে সিলেট বিএনপি সবসময় ঐক্যবদ্ধ।’
মনোনয়নপত্র জমাকালে কেন্দ্রীয় বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, ডা. শাহরিয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper