এবার ভাঙল অভিনেত্রী শ্রাবন্তীর সংসার

সিলেট নিউজ বিডি ডেস্ক: ভেঙে গেল শোবিজ জগতের আরো একটি সংসার। এবার ভাঙল অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীর সংসার। অনেক আগেই এমন গুঞ্জনের ডালপালা মেলেছিল। গেল বছরের শেষদিকে যখন শ্রাবন্তী হঠাৎ দেশে ফিরেন তখন থেকেই শোনা যাচ্ছিল স্বামীর সঙ্গে টানাপোড়েন চলছে তার।

অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। শ্রাবন্তী নিজেই সংবাদমাধ্যমে জানালেন, তাকে তালাকের আইনি নোটিশ পাঠিয়েছেন তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম। একটি সংবাদমাধ্যমে সেই খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শ্রাবন্তী। গোনিউজের পাঠকদের জন্য শ্রাবন্তীর দেওয়া পোস্টটি তুলে ধরা হল।

‘সত্য মিথ্যা অনেক কথা আসবে ,কিন্তু একজন মা আর একজন মানুষ হিসেবে আমার একটাই চাওয়া আমার সাথে আমার সন্তানদের সাথে কোনো অন্যায় না হোক। আমার বাচ্চারা ব্রোকেন ফ্যামিলিতে বড় না হোক, এর রেজাল্ট কখনোই ভালো হয় না। ভুল আমারও আছে, খোরশেদ আলমেরও আছে, তাই বলে ডিভোর্স করে আলম বাচ্চাদের সাথে আমার সাথে এমন অন্যায় করতে পারে না।’

তাকে হুমকি দেয়া হচ্ছে দাবি করে শ্রাবন্তী লেখেন, ‘আমাকে হুমকি দেয়া হচ্ছে আমার বিরুদ্ধে মানহানি মামলা করবে। আমার হাজব্যান্ড এর সাথে কথা বলবে, সংসার ভাঙবে আর আমি তা মেনে নিয়ে চুপ করে থাকবো তাই না? খোরশেদ আলম আমার সব জেনেশুনে আমাকে বিয়ে করেছিলেন। আর ৭ বছর পর তা নিয়ে আমাকে ব্লেম করে যাবে তা মানা যায় না। সবকিছুর আগে আমি একজন মা, আলম একজন বাবা- এটা আমাদের ভুলে যাওয়া উচিত না। বাচ্চাদের কোনো দোষ নেই। ওদের মাকেও প্রয়োজন, বাবাকেও প্রয়োজন। ওরা অলরেডি সিক। সো প্লিজ সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন সুস্থ থাকতে পারে। ওরা মা-বাবা দুজনকেই যেন কাছে পায়।’

তিনি আরও লেখেন, ‘একজন শিক্ষক হয়ে এমন অন্যায় যেন আলম আমাদের সাথে না করে। সেই মহিলা নিজেও সংসারে মনোযোগ দিক। উপরে আল্লাহ আছেন। সবকিছু সুন্দরভাবে হোক। আমার বাচ্চাদের সাথে অন্যায় না হোক এটাই আমার চাওয়া। আলম সুন্দরভাবে অন্যায় না করে অনেস্টলি সবকিছু থেকে সরে আসুক। নিজের ফ্যামিলি রক্ষা করুক একজন শিক্ষক হয়ে, এটা চাই।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাংবাদিক ভাই ও বোনেরা কেউ ভুল নিউজ করবেন না। আমি যা বলার এখানেই বলে দিলাম। পারলে আমার সংসারটাকে রক্ষা করতে সাহায্য করুন। আমি এখনো জোর গলায় বলতে চাই আমার সাথে আর আমার বাচ্চাদের সাথে অন্যায় করা হচ্ছে। এই জাতি যেন অন্যায়কে সমর্থন না করে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই কারণ তিনিও একজন নারী, তিনিও একজন মা। তিনিও নিশ্চয় চাইবেন না একজন মা ও তার বাচ্চাদের সাথে কোনো প্রকার অন্যায় হোক। আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ।’