নগরীর উপশহরের জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শনে কামরান

সিলেট নিউজ বিডি ডেস্ক: তিন দিন ধরে জলাবদ্ধ সিলেট নগরীর উপশহরের কয়েকটি এলাকা। অর্ধশতাধিক পরিবারের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক না থাকার কারনে বৃষ্টি হলেই জলাবদ্ধতা প্রকট আকার ধারন করে ওই এলাকায়। খবর পেয়ে শুক্রবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান ওই এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় ভুক্তভোগি এলাকাবাসী কামরানের কাছে অভিযোগ জানিয়ে বলেন- বিগত ৫ বছর উপশহরের ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কোনো কাজ হয়নি। এ কারনে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় ওই এলাকায়।
উপশহরের সি-ব্লকের ৩৮ নম্বর রোডের বাসিন্দারা প্রায় তিন দিন ধরে পানিবন্দি। ড্রেনের পানির সঙ্গে জলাবদ্ধতার পানি মিলে একাকার হয়ে গেছে এলাকা। ওই রোডেও বেশ কয়েকটি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। একই অবস্থা নগরীর এ ব্লক ও ই ব্লকের কয়েকটি রোডেও জলাবদ্ধতার পানি উঠেছে। তিন দিন ধরে মুসল্লিরা নামাজে যেতে পারছেন না। পানিবন্দি থাকায় স্কুল-কলেজে কষ্টে যাচ্ছে শিক্ষার্থীরা।
সি ব্লকের বাসিন্দা মঈন উদ্দিন অভিযোগ করে বলেন- তারা তিন দিন ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন। জলাবদ্ধ পানির সঙ্গে ড্রেন ও স্যুয়ারেজের ময়লা একাকার হয়ে গেছে। এতে করে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। মেয়রপ্রার্থী কামরানের কাছে ওই এলাকার বাসিন্দা মো. বাবুল জানিয়েছেন- প্রায় বছর আগে আপনি মেয়র থাকার সময় উপশহরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। বিগত ৫ বছর সিটি করপোরেশন থেকে কোনো কাজ হয়নি। এ কারনে অল্প বৃষ্টি হলেই হাটু পানিতে ছেয়ে যায় এলাকা। এলাকার বাদশা মিয়া ও আবুল তাহের বলেন- তিন দিন আগে উপশহরের বিভিন্ন এলাকায় হাটু পরিমান পানি ছিল। কোথা কোথাও কোমর সমান পানি ছিল।

এদিকে- জলাবদ্ধ এলাকা পরিদর্শনের সময় কামরান বলেন- উপশহর একটি অভিজাত এলাকা। সুতরাং এখানে ড্রেনেজ ব্যবস্থা সহ উন্নয়ন প্রয়োজন। সরকার ড্রেন ও ছড়া উদ্ধারে প্রচুর টাকা বরাদ্ধ দিলেও কাজ না হওয়া দু:খজনক। আগামীতে তিনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের দু:খ লাগবে কাজ করবেন বলে জানান।