সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের সাথে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আম্বরখানার দর্শন দেউড়ি ও হাউজিং এস্টেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার ১৫ জুলাই রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাতে এশার নামাজের পর দর্শন দেউড়ি এলাকায় মসজিদের সামনে যুবলীগ নেতাকর্মীরা নৌকার লিফলেট বিতরণ করছিলেন। একই সময়ে সেখানে মহানগর জামায়াতের আমীর স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরের লিফলেট বিতরণ করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় মানুষের ভিড়ের মধ্যে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার পর দু’পক্ষ আলাদা স্থানে অবস্থান নিয়েছে। শিবিরের কর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে হাউজিং এস্টেট থেকে পীরমহল্লার দিকে গেছে। অপরদিকে যুবলীগের নেতাকর্মীরা হাউজিং এস্টেটের মুখে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, ‘আমরা খবর নিয়ে দেখছি।’
Sylhetnewsbd Online News Paper