কয়লা গায়েবের ঘটনায় সত্যতা পেয়েছে পেট্রোবাংলা

সিলেট নিউজ বিডি ডেস্ক: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা গায়েবের ঘটনায় সত্যতা পেয়েছে পেট্রোবাংলা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কয়লা গায়েব হওয়ার ইস্যুতে কোম্পানির সদ্য সাবেক এমডি হাবিবউদ্দিন আহমেদ, সাবেক এমডি আওরঙ্গজেব, আমিনুজ্জামান ও কামরুজ্জামানের দুর্নীতির সংশ্লিষ্টতা পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৫ সাল অর্থাৎ খনি থেকে কয়লা উত্তোলনের সময় থেকে যারা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, তারা সবাই কম-বেশি এই কয়লা চুরির সঙ্গে জড়িত। বিশেষ করে এই চারজন। এরমধ্যে সবচেয়ে বেশি সময় ছিলেন আমিনুজ্জামান।

এদিকে বুধবার তদন্ত প্রতিবেদন নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে খনি দুর্নীতির প্রতিবেদন হাতে পাওয়ার পর বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। এর কিছুক্ষণ আগে প্রতিমন্ত্রীর কাছে কয়লা খনি দুর্নীতির প্রতিবেদন জমা দেয় পেট্রোবাংলা গঠিত তদন্ত কমিটি।

এর আগে মঙ্গলবার কয়লা গায়েবের ঘটনায় কোল মাইনিং কোম্পানির বরখাস্তকৃত এমডিসহ ১৯ জনের বিরুদ্ধে পার্বতীপুর থানায় মামলা করা হয়।

কয়লাখনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিসুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ও ৪০৯ ধারায় পার্বতীপুর থানায় মামলাটি করা হয়।