সিলেট নিউজ বিডি ডেস্ক: আজ আমি খুবই শান্তি পাচ্ছি। কারণ, এক সময় এ দেশে মেয়েদের শিক্ষায় বিরাট বাধা ছিল। আজ যে ১৬৩ জনকে স্বর্ণপদক দিলাম তার মধ্যে ১০১ জনই মেয়ে,আর ৬২ জন ছেলে। খুব ভালো লাগার পাশাপাশি একটু খারাপও লাগছে যে, ছেলেরা পিছিয়ে থাকবে কেন?আমি চাই ছেলে-মেয়েরা সমান গতিতে এগুবে।
বুধবার ২৫ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭’ প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আজ যারা স্বর্ণপদক পেল তাদের দায়িত্ব বেড়ে গেল। এই ছেলে-মেয়েরাই দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলবে। দেশকে সত্যিকারের সোনার বাংলা হিসেবে গড়বে -যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন।
তিনি বলেন, আমরা এখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা ধরে রেখে এগিয়ে যেতে হবে। এবার ৭ দশমিক ৭৮ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছি। এটাও ধরে রাখতে হবে। কারণ, প্রবৃদ্ধি বেশি থাকলে জনগণ তার সুফল পায়। ২০২১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেকে গড়তে চাই।
শিক্ষাখাতে বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার খরচটাকে আমি খরচ হিসেবে দেখি না, এটাকে বিনিয়োগ হিসেবে দেখি। আজ আমরা যাদের পেছনে বিনিয়োগ করছি তারাই একদিন এ দেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে। বিভিন্ন উদ্ভাবনী ও আবিষ্কারে তারা এগিয়ে থাকবে। তখনই এ দেশ হবে সোনার বাংলা।
অনুষ্ঠানে দেশের ৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬৩ জন শিক্ষার্থীদের স্বর্ণপদক পরিয়ে দেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানের শুরুতে মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজ বেগম স্বাগত বক্তব্য রাখেন।
Sylhetnewsbd Online News Paper