সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) চতুর্থ নির্বাচন টান টান উত্তেজনায় ও অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ভোট গ্রহণ। সকাল ৮টায় একযোগে প্রতিটি কেন্দ্রে শুরু হয় ভোটের কার্যক্রম।
সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি যেমন বাড়ে, তেমনি বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে সংঘাতের খবর।
নগরীর ৫নং ওয়ার্ডের খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল কাউন্সিলর প্রার্থী রিমাদ আহমদ রুবেলের সমর্থকরা দখল করে নেয়। বেশ কিছু সময় পর ওই কেন্দ্রে পুনরায় ভোট শুরু হয়।
নগরীর ঝর্নারপাড়স্থ কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র, নগরীর ২১নং ওয়ার্ডে শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নগরীর পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্র, রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, টিলাগড়স্থ এমসি কলেজ কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেছে।
নগরীর কুমারপাড়ায় দুই পক্ষের সংঘর্ষ চলাচালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান আহত হন। ২৬নং ওয়ার্ডে দক্ষিণ সুরমার রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি বুথের দরজা বন্ধ করে জাল ভোট দেয়ার ঘটনা ঘটেছে। পরে ওই বুথ থেকে তিন যুবককে করে পুলিশে দেয়া হয়।
১৯নং ওয়ার্ডে পূর্ব মিরাবাজারে বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ফলে ভোটের মাঠে বেড়েছে উত্তেজনা। বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের ভোট নিয়ে নানা অভিযোগ করছেন। তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ভোট সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেছেন।
Sylhetnewsbd Online News Paper