ছুটির দিনেও সড়কে শিক্ষার্থীরা, অভিভাবকদের মাঠে নামার হুমকি

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের পর নিরাপদ সড়কের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। শুক্রবার সকাল রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ইউনিফর্ম পরে সড়কে জড়ো হতে দেখা গেছে।

এর মধ্যে শুক্রবার ০৩ আগস্ট বেলা ১১টার দিকে শাহবাগে কয়েকজন শিক্ষার্থীকে গাড়ির লাইসেন্স চেক করতে দেখা গেছে। এসময় সেখানে পুলিশের অবস্থান থাকলেও বাধা দিতে দেখা যায়নি। তবে শিক্ষার্থী নন এমন একজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

অন্যদিকে আসাদ গেট, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এসে জড়ো হয় শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিভিন্ন প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়ে তারা।

এ সময় শিক্ষার্থীদের যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে দেখা যায়। অবাধ্য ট্রাফিক-ব্যবস্থাকে বশে আনতে আজকেও লাইন ধরে যান চলাচল করতে মাইকিং করে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত রোববার (২৯ জুলাই) বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে গোটা দেশের শিক্ষার্থীরা। নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ এবং ঘাতক চালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভের পাশাপাশি শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স যাচাই-বাচাই করে। মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি আটকে কাগজপত্র পরীক্ষা করে।

মন্ত্রী, এমপি ও সচিবের গাড়িচালকদের লাইসেন্স না থাকায় তাদের গাড়ি আটকে রাখে আন্দোলনকারীরা। পরে ছেড়ে দেয়া হয়। বিকালের দিকে আন্দোলকারীদের ওপর হামলা চালায় পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে বেশকিছু যুবককেও লাঠি হাতে শিক্ষার্থীদের পেটাতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, পুলিশের সঙ্গে যে যুবকরা শিক্ষার্থীদের মারধর করে, তারা ছাত্রলীগের কর্মী।

এদিকে, নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর আঘাত আসলে মাঠে নামবেন অভিভাবকরা। শুক্রবার ০৩ আগস্ট সকালে মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের এক মানববন্ধনে এ হুশিয়ারি দেয়া হয়।

শতাধিক অভিভাবক মানববন্ধনে অংশ নিয়ে বলেন, বাচ্চাদের আন্দোলন যৌক্তিক। তাদের ওপরে হামলা হলে আমরা ঘরে বসে থাকবো না। মুখে দাবি মানার কথা বললে হবে না। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।