কোনো গাড়ি চলতে দিচ্ছে না পরিবহন শ্রমিকরা

সিলেট নিউজ বিডি ডেস্ক: নিরাপত্তার অজুহাতে এবার রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি চালানো বন্ধ রেখে রাস্তায় অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার ০৩ আগস্ট দেখা গেছে রাজধানীর প্রধান বাস কাউন্টার গুলোর সামনের রাস্তায় অবস্থান নিয়ে কোনো গাড়ি দেখলেই তারা থামিয়ে দিচ্ছেন। এমনকি রিকশাও চলতে দিচ্ছেন না।

শ্রমিকদের বাধার মুখে পড়ে রিকশা থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেককে।

এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের নেতা মো. কিরন হোসেন সাংবাদিকদের বলেন, আমরা পাঁচ দিন ধরে গাড়ি চালাতে পারছি না। দুর্ভোগ তো আমাদেরও হচ্ছে। আমরা কি না খেয়ে মরব নাকি? আমাদের গাড়ি চলাচলে নিরাপত্তা দেওয়ার পর গাড়ি চলতে দেওয়া হবে।

অন্যদিকে যাত্রী, গাড়ি এবং চালকের নিরাপত্তা না থাকার অজুহাতে রাজধানীসহ দেশের সকল জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।কোনও রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।