আবারও সিলেটের মেয়র আরিফুল হক

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আবারও বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। ৯২,৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬,৩৯৭ ভোট। ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সিলেটের নগর পিতা হচ্ছেন আরিফুল হক চৌধুরী।

শনিবার ১১ আগস্ট স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে আরিফুল হককে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে মোট ১৩৪টি কেন্দ্রের মধ্যে স্থগিত হওয়া ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এ দুটি কেন্দ্রের মোট ভোট সংখ্যা ৪৭৮৭।

দুই কেন্দ্রে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী পান ২১০২ ভোট। অন্যদিকে নৌকার প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫২৭ ভোট।

উল্লেখ্য, গত ৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩২ কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছিলেন ৯০,৪৯৬ ভোট। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ৮৫,৮৭০ভোট।

সিলেট সিটিতে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন ও মহিলা ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন।এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৭ জন।