সিলেট নিউজ বিডি ডেস্ক: সড়কে ওভারটেকিংসহ ট্রাফিক আইন লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ১২ আগস্ট রাজধানীর কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ (এসআরসিসি) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ড্রাইভারদের লেন মেনে গাড়ি চালাতে হবে। ওভারটেকিং বা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা যাবে না। ডিজিটাল পদ্ধতিতে ক্যামেরা ফিট করে অনিয়ম বন্ধ করতে হবে।
সেইসঙ্গে সাধারণ পথচারীদেরও আইন মেনে রাস্তা পারাপার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে অনেক কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাসচাপায় শহীদ রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও মীমের মৃত্যুতে দায়ী চালকদের উপযুক্ত শাস্তিরও আশ্বাস দেন তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের উদ্দেশ্য খুবই খারাপ ছিলো। তারা (অনুপ্রবেশকারী) মারাত্মক একটা কিছু ঘটিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চেয়েছিলো।
আন্দোলনে গুজব ছড়ানোর বিষয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক পরিচিত মানুষও গুজব ছড়াতে শুরু করলো যে, আওয়ামী লীগ অফিসে নাকি খুন করে লাশ রেখে দেয়া হয়েছে। এমনকি অনেক বয়স্ক লোক, যাদেরকে একসময় আমি পুরস্কৃত করেছি তারাই গুজব ছড়াতে শুরু করলো। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। এসময় শিক্ষার্থীসহ দেশবাসীকে গুজবে কান না দিতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে কলেজ সংলগ্ন বিমানবন্দর সড়কে পথচারী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রকল্পের ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এরপর বক্তৃতায় সরকারপ্রধান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদসহ বেসামরিক ও সামরিক শীর্ষ কর্মকর্তারা।
সম্প্রতি কলেজ সংলগ্ন সড়কে বেপরোয়া দুই বাসের চাপায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর নিহত হওয়ার পর এর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
তাদের আন্দোলনের মুখে সরকার নিরাপদ সড়ক নিশ্চিতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেয়। এরই অংশ হিসেবে এই আন্ডারপাস নির্মাণ হচ্ছে। এর আগে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
Sylhetnewsbd Online News Paper