জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২২ আগস্ট ঈদুল আজহা

সিলেট নিউজ বিডি ডেস্ক: জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২২ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার(১২ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৯ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ২২ আগস্ট (১০ জিলকদ) বুধবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

উল্লেখ্য, ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা তাদের প্রিয় বস্তু মহান আল্লাহর নামে উৎসর্গ করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজব্রত পালনরত অবস্থায় থাকেন। এবার ঈদে ২১, ২২ ও ২৩ আগস্ট সরকারি ছুটি থাকবে।