সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশ শতকের শুরুর দিকে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। টানা কয়েক বছর বাংলা সিনেমায় অাধিপত্য দেখানোর পর হঠাৎ পর্দার আড়ালে চলে যান।
ব্যক্তিগত জীবন ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এ নায়িকা। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর আবারো নিয়মিত হয়েছেন তিনি। তবে চলচ্চিত্রে নয় নাটক আর উপস্থাপনায় সরব হয়েছেন এ নায়িকা। বড় পর্দায় অভিনয় না করলেও নিয়মিতই নাটক আর উপস্থাপনায় দেখা যাচ্ছে মিষ্টি মুখের এ নায়িকাকে।
তারই ধারাবাহিকতায় আরটিভির একটি অনুষ্ঠানে উপস্থাপনা শুরু করেছেন পূর্ণিমা। অনুষ্ঠানটির নাম ‘এবং পূর্ণিমা’। এ অনুষ্ঠানে একের পর এক তারকা এসে নিজেদের মনের কথা জানাচ্ছেন। এবার পূর্ণিমার অতিথি হয়ে আসছেন নন্দিত অভিনেতা চিত্রনায়ক ফারুক।
আগামী শনিবার রাত ১০টায় আরটিভির পর্দায় হাজির হয়ে যাবেন তারা। আলোচনা করবেন তাদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানা বিষয় নিয়ে।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত।
Sylhetnewsbd Online News Paper