জুড়ী উপজেলায় দ্রুতগামী সিএনজি চাপায় ছাত্র নিহত, চালক গ্রেফতার

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাছিরপুর-দাসেরবাজার এলজিইডি রাস্তায় কালনিগড় বাজার এলাকায় রোববার দুপুরে দ্রুতগামী অটোরিকশা (সিএনজি) চাপায় বিশাল দাস (৭)নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সে স্থানীয় খাগটেকা গ্রামের বিধু ভূষন দাসের একমাত্র পুত্র, ও কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ১৯ আগষ্ট রোববার সকালে প্রতিদিনের মত স্কুলছাত্র বিশালের মা তাকে স্কুলে দিয়ে যান। দুপুর সাড়ে ১২টায় স্কুল ছুটির পর মা তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি সিএনজি আটোরিকশা স্কুলছাত্র বিশালকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
উত্তেজিত জনতা ধাওয়া করে সিএনজি চালক সুরঞ্জিত বিশ্বাসকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রত্যক্ষদর্শীরা শিশু স্কুলছাত্র বিশালকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক সিএনজি চালক সুরঞ্জিত বিশ্বাস বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ওহিরকুঞ্জি গ্রামের নিপেন্দ্র বিশ্বাসের পুত্র।

এদিকে সিএনজি চাপায় বিদ্যালয় ছাত্র নিহতের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ঘাতক চালকের শাস্তি দাবি করেন।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহেতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
ময়না তদন্ত শেষে রোববার সন্ধ্যায় পুলিশ স্কুলছাত্রের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এছাড়া তাৎক্ষনিক ঘাতক চালক সুরঞ্জিতকে গ্রেফতার এবং ঘটনাকারি অটোরিকশাটি আটক করে থানায় জব্দ করা হয়েছে।