ইভিএম নিয়ে সর্বদলীয় মত নেওয়া উচিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের বিষয়টি চুড়ান্ত করা ঠিক হবে না বলে মন্তব্য করে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের আগে সকল দলের সঙ্গে বৈঠক করে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

রোববার সকালে আগামী জাতীয় নির্বাচন ও মহাজোটের শরিক দলগুলোকে ৭০টি আসন দেওয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ব্যালট পেপারে ভোট গ্রহণের ক্ষেত্রে কারচুপি হয়ে থাকে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে কারচুপি হলেও, তা বন্ধ করার পদ্ধতি রয়েছে। তারপরও প্রশ্ন থাকে জনগণের সচেতনতার বিষয়টি।

এ সময় প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি ও যুক্তফ্রন্টের বিভিন্ন দাবিতে মাঠে নেমে আন্দোলনের ঘোষণার বিষয়ে জিএম কাদের বলেন, বিএনপিসহ আন্দোলনরত দলগুলো জাতীয় নির্বাচন বানচাল করার মত পরিবেশ সৃষ্টি করতে পারেনি। আর এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে, দেশে অসাংবিধানিক সরকার ক্ষমতায় বসবে। সরকার সংবিধান অনুযায়ী যথা সময়েই নির্বাচন পরিচালনা করবে বলেই আমার বিশ্বাস।

এর আগে শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের এক যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের মানুষ তো টিপসই দিতে পারে না, ইভিএমে টিপ দেবে কীভাবে? এতগুলো আসনে যদি একসঙ্গে ইভিএম হয়, তবে তার সফলতা নিয়ে আমরা নিশ্চিত নই।

এ সময় এরশাদ আরো বলেন, ইভিএমের ব্যাপারে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই এই ভোটিং পদ্ধতি চালুর আগে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তা না করে ইভিএম জনগণের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না।