সিলেট নিউজ বিডি ডেস্ক: জেলার মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার ০২ সেপ্টেম্বর ভোর চারটার দিকে উপজেলার বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। ভোর চারটার দিকে বারইয়ারহাট রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনটি এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন।
নিহতদের মধ্যে সুনির্মল চাকমা নামে একজনের নাম জানা গেছে। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। আহতদের মধ্যে বাসের চালকের অবস্থা গুরুতর। চালকসহ ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে ওই লাইনে তিন ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
Sylhetnewsbd Online News Paper