বড়লেখায় বাস মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত

মস্তফা উদ্দিন,ষ্টাফ রিপোর্টার: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ পশ্চিম হাতলিয়া এলাকায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাওলানা মুজিবুর রহমান (৬০) নামে গুরুতর আহত হওয়া এক ইমাম মারা গেছেন।

আজ ৭ (সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৪টার দিকে বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট হাসপাতালে নেওয়ার পথে তিনি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান। নিহত মুজিবুর রহমান জুড়ী উপজেলায় একটি মসজিদে ইমামতি করতেন। জুম্মার নামাজ পড়িয়ে বাড়িতে আসার সময় এই ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুজিবুর রহমান জুড়ী থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা মৌলভীবাজার-জ-১১-০১৮০ নম্বরের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা বিকেলে তাকে সিলেটে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী শুক্রবার রাত সাড়ে নয়টায় বলেন, ঘটনার পরই বাস চালক পালিয়ে যায়। তবে পুলিশ মিনিবাসটি আটক করেছে।