ইমরানের প্রথম শিকার শোয়েব আখতার

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শোয়েব আখতার টুইট করেছিলেন, পাকিস্তানের দিন বদলে দেবেন ইমরান ভাই। দুঃখজনক ব্যাপার হলো, ইমরান খানের দিন বদলের প্রথম বলি হতে হলো শোয়েব আখতারকে।

মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব পাওয়ার পর থেকে ‘সেভ দ্য মানি’ মিশন শুরু করে দিয়েছেন এহসান মানি। যোগ দিতে না দিতে ছেঁটে ফেললেন চার পরামর্শকের প্যানেল। চারজনের মধ্যে দুজন অবশ্য বিনা বেতনে কাজটি করতেন। তবে শোয়েব ও সাবেক টেস্ট ক্রিকেটার সালাউদ্দিন সাল্লু বেশ ভালো অঙ্কের পারিশ্রমিক নিতেন এই কাজের জন্য।

অন্য দুজনের মধ্যে শাকিল শেখ পারিশ্রমিক না নিলেও এই পদের অন্যায় সুবিধা ভোগ করতেন বলে অভিযোগ ছিল। ঘরোয়া ক্রিকেট ও মাঠ কমিটির উপদেষ্টা হিসেবে তিনি ইসলামাবাদের একটি নির্দিষ্ট মাঠে অন্যায়ভাবে ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচ বরাদ্দ দিয়েছেন। ক্রিকেট খেলেননি এমন ব্যক্তিদের মধ্যে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন ভাবা হতো তাকে। কমিটির চতুর্থ ব্যক্তির বিরুদ্ধেও স্বার্থের সংঘাতঘটিত অভিযোগ উঠেছিল।

প্রসঙ্গত, শোয়েব-সালাউদ্দিন ছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে ছাঁটাই হতে চলেছেন আরো অনেকে। শীর্ষ পদ থেকে নিচু সারির অনেকেই চাকরি হারাবেন। ৯০০-র বেশি কর্মী পিসিবিতে বেতনভুক্ত। আর এই মুহুর্তে এত কর্মীর প্রয়োজন নেই পিসিবির।