প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগ: সিলেটে মুক্তি পেলেন ১৪২ জন কয়েদি

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক বিভিন্ন মামলার ১৪২ জন কয়েদি মুক্তি পেয়েছেন ১৬ সেপ্টেম্বর রবিবার বিকালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ মানবিক উদ্যোগের প্রেক্ষিতে তাদেরকে আইনি প্রক্রিয়ায় মুক্তি দেন আদালত। এরা লঘু অপরাধে কারাভোগ করছিলেন। রবিবার বিকেলে তাদেরকে আদালত থেকে জামিন দেয়া হয়।

জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর উদ্যোগ অনুসারে, যারা ছোটখাটো তথা লঘু অপরাধ করে কারাগারে আছেন, তারা যদি দোষ স্বীকার করে ক্ষমা চান ও ভালো পথে চলার অঙ্গিকার করেন, তবে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রথম বাস্তবায়ন ঘটলো সিলেটে।

সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, লঘু অপরাধে অভিযুক্ত বিভিন্ন মামলার ১৪২ জন আসামিকে রবিবার সিলেট মুখ্য মহানগর হাকিম আদালত, সিলেট জেলা দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে হাজির করা হয়। এসব আসামি মেট্রো আইনে, চুরি, ছিনতাই, পতিতাবৃত্তি প্রভৃতি অপরাধে অভিযুক্ত ছিলেন। আদালতে এসব আসামি নিজেদের দোষ স্বীকার করেন। তারা ভবিষ্যতে সঠিক পথে চলার অঙ্গিকার করেন। আদালত মানবিক দিক বিবেচনা করে সকল আসামির জামিন মঞ্জুর করেন। কিছু আসামির সাজার মেয়াদ পেরিয়ে যাওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। রবিবার রাতে ৬০ জন পুরুষ ও ১৩ জন নারী কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে। বাকিদের সোমবার মুক্তি দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের বাস্তবায়ন হিসেবে এসব কয়েদির মুক্তি পাওয়ার আগে সিলেট কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্রসচিব (সুরক্ষা ও সেবা) ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।