মৌলভীবাজারে দুষ্কৃতিকারীদের হামলায় নারীসহ আহত ৬

সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজারে দুষ্কৃতিকারীদের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। জেলার কমলগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামে ১৭ সেপ্টেম্বর সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, ১৭ সেপ্টেম্বর সোমবার সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতার পূজা ছিল। ওই দিন বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সুখময় মালাকারের বাড়ির যাওয়ার রাস্তায় কয়েকজন দুষ্কৃতিকারীরা নারীদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদে বিষ্ণুপুর গ্রামের বাপ্পা মালাকার ও সুকান্ত মালাকার তাদেরকে বাঁধা প্রদান করলে দুষ্কৃতিকারী মাছুম মিয়া, মিলন মিয়া, বাবলা মিয়া, তারেক মিয়া, সোহেল মিয়া, ফিরোজ মিয়া, সেলিম মিয়া, সাবাজ মিয়া, ইকরাম মিয়া, জহুর মিয়া, রায়হান মিয়াসহ দলবল নিয়ে সুখময়ের বাড়িতে হামলা চালিয়ে মারধর করে। এতে নারীসহ ৬ জন আহত হন। আহতরা হলেন গৌরাঙ্গ মালাকার, সুখুত মালাকার, লটু মালাকার, লক্ষী রানী মালাকার, রিনা রানী মালাকার, লক্ষী রানী মালাকার। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে আহত সুখুত মালাকার বলেন, পূজার শেষে ভক্তবৃন্দ বাড়ীতে প্রসাদ পাওয়ার জন্য বসলে হঠাৎ স্থানীয় দৃষ্কৃতিকারীদের হামলায় সবকিছু তছনছ হয়ে যায়। ভয়ে ভক্তরা প্রসাদ না খেয়েই দিকবেদিক ছুটাছুটি করে চলে যান। এমন ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায় আতংকিত হয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম ঘটনাস্থলে পৌঁছালে দৃষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।
বিষ্ণুপুর গ্রামের স্থানীয় সংবাদকর্মী অঞ্জন প্রসাদ রায় চৌধুরী ঘটনাস্থলে গিয়ে সরজমিন দেখতে পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হককে বিষয়টি অবগত করেন। এ ব্যাপারে ১৮ সেপ্টেম্বর বিকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, এখনো এ ব্যাপারে কেউ এসে অভিযোগ করেনি। অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।