সিলেট বাসী অপেক্ষা করছে ড. মোমেনের জন্য!

সিলেট নিউজ বিডি ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দলীয় নমিনেশন দাখিলের কাজ প্রায় শেষ পর্যায়ে। সিলেটবাসী অধীর আগ্রহে বসে আছে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী কে হবেন তা জানার জন্য। চায়ের টং থেকে শুরু করে ড্রইং রুম পর্যন্ত এই আলোচনা বিস্তৃত। সিলেটবাসীর দীর্ঘদিনের গর্ব যে, সিলেট ১ থেকে যিনি সংসদ নির্বাচনে জয়ী হন তাঁর দলই সরকার গঠন করে। এটা সারা বিশ্বে সিলেটবাসীর একটি উল্লেখযোগ্য গর্ব।

এ মর্যাদা সিলেটবাসী ধরে রাখতে চান।এ জন্য তারা চান হেভিওয়েট কোন প্রার্থী যিনি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত। দীর্ঘদিন থেকে মাননীয় অর্থমন্ত্রীর পাশে থেকে সিলেটের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করছেন তাঁর ভাই জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট ১ এর ভোটারদের আশা তিনি ইলেকশন করলে জয়ী হবেন এবং মন্ত্রী হবেন। আর এতে করে সিলেটের কাঙ্খিত উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে, এমনকি মর্যাদাও বহাল থাকবে। সব দিক বিবেচনা করে সিলেটবাসী অপেক্ষা করছেন ড. মোমেনের নমিনেশনের জন্য।