কুলাউড়ায় প্রতিপক্ষের রামদার কুপে ১ জন খুন

সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের রামদার কুপে ইমন মিয়া (২৭) নামে এক তরুন খুন।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে বরমচাল ইউনিয়নের কাদিমনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ইমন মিয়া বরমচাল ইউনিয়নের ঐ এলাকার বাতির মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জেরে শুক্রবার জুম্মার নামাজ শেষে হযরত শাহ কালা (র.) মাজার মসজিদ থেকে বের হবার পর খাদিমপাড়া গ্রামের ইমন মিয়া একই গ্রামের সঞ্জর মিয়ার ছেলে অরুণ মিয়ার ওপর হামলা চালান। পরে অরুণ মিয়ার নেতৃত্বে দিপু, রোমান, লিটন, লালাসহ ৫/৬ সদস্যের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমনের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের পেছনের দরজা ভেঙ্গে ইমনকে ঘর থেকে বাড়ির আঙ্গিনায় এনে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ইমনের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘাতকরা একটি মাইক্রোবাসযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুলাউড়া থানার এসআই মো: হারুন মিয়া সিলেট নিউজ বিডি কে বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সিলেট নিউজ বিডি /১৬ নভেম্বর/ ম,উদ্দিন।