সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী আব্দুস শহীদ (৪২) নিহত হয়েছেন।
বুধবার ভোররাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ী আব্দুস শহীদ দক্ষিণ সুরমার তেলিবাজার আহমদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদ পেয়ে শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় র্যাব-৯ এর একটি দল। এসময় মাদক ব্যবসায়ী শহীদ র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী শহীদ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ভোর ৪টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এর আগে ২০১৭ সালের জুলাই মাসে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতি শহীদ ও তার স্ত্রী শিউলি আক্তার বুলুকে গ্রেফতার করেছিলো র্যাব। এ সময় তাদের আরও ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল।
র্যাবের দেয়া তথ্য অনুযায়ী নিহত শহিদ মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক সম্রাট । তাকে দীর্ঘদিন ধরে খুঁজছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
Sylhetnewsbd Online News Paper