প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে বাড়ি বাড়ি যেয়ে ভোট চাওয়ার নির্দেশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে বাড়ি বাড়ি যেয়ে ভোট চাওয়ার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে ‘শিক্ষার্থী সংলাপ ও নির্বাচনী কর্মী সভা’তে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সংলাপ ও নির্বাচনী কর্মী সভার অংশ হিসেবে ঢাবি ছাত্রলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, বড় শোডাউন, স্লোগান দিয়ে আই ওয়াস করে নৌকার ভোট বাড়বে না। নৌকার ভোট বাড়াতে গেলে ব্যক্তিকেন্দ্রিক কাজ করতে হবে। ছাত্রলীগ কর্মীদের ডোর টু ডোরে যেতে হবে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের ক্যাম্পাসের তুলনায় এলাকায় অবস্থান ভালো তারা এলাকায় চলে যাও। প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে কাজ করলে এনাফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাকিব হাসান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত প্রমুখ।