বড়লেখায় হানাদার মুক্ত দিবস পালন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড

মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখা হানাদার মুক্ত দিবস পালন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যৌথভাবে।

৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই দিনে মৌলভীবাজার জেলার বড়লেখা হানাদারমুক্ত হয়েছিল।

১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকহানাদার বাহিনী বড়লেখা ছাড়তে বাধ্য হয়। এই দিনে বড়লেখায় উদিত হয় লাল সবুজের পতাকা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১২টায় যৌথভাবে বড়লেখা পৌরশহরে র‌্যালি বের করে।

র‌্যালিটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন।

বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্রর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল খালিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারি কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা সন্তান সুনাম উদ্দিন, মুমিনুর রহমান, বিমান কান্তি দাস, সামছুল ইসলাম রিফাত প্রমুখ।