সিলেট নিউজ বিডি ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সারাদেশে ঐক্যফ্রন্টের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে নিতে চাই। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের মালিকানা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আমরা সফল হতে পারি।
বুধবার সিলেট থেকে থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু করেন ড. কামাল হোসেন। হযরত শাহজালাল(র.) মাজার জিয়ারতশেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ড. কামাল হোসেন বলেন, শাহজালাল (র.) এর দোয়া নিয়ে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলাম। যাতে ১৮ কোটি মানুষের ওপর রহমত নাজিল হয়। ১০/১২ কোটি ভোটার যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রকে তাদের অধিকারে নেবে বলেও মন্তব্য করে এ আইনজ্ঞ।
তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে অনেক ঘাটতি থাকলেও আমরা নির্বাচনে আছি, থাকবো। তিনি নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকারও পরামর্শ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, পুলিশ ও প্রশাসনের দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা করা। সরকারের ‘অসৎ’ উদ্দেশ্য সমর্থন করা তাদের দায়িত্ব নয়।
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ড.কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা হযরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করতে মাজারে আসেন। তিনি ছাড়াও সিলেটে মাজার জিয়ারতে আসেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জেএসডি নেতা আসম রব,কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল নজরুল ইসলাম খান।
শাহজালালের মাজার জিয়ারত শেষে মাগরিবের নামাজের পর শাহ পরাণ (রহ.) মাজার জিয়ারত করতে যান তারা। পরে ধানের শীষের গণসংযোগ করবেন তারা। সন্ধ্যা সাতটার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
Sylhetnewsbd Online News Paper