সিলেট নিউজ বিডি ডেস্ক: বিপুল পরিমাণে অর্থ পেয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি ভারতের পক্ষে কাজ করে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের মানবাধিকার বিষয়কমন্ত্রী শিরিন মাজারি। দেশটির অর্থমন্ত্রী আসাদ উমরের সাক্ষাৎকারের একটি অংশ প্রচার না করার প্রতিবাদ করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছে বিবিসি। খবর এনডিটিভির।
সম্প্রতি বিবিসি টিভিতে ‘হার্ডটক’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ উমর। এতে পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য কুলভুশান যাদবের কথা উল্লেখ করেন তিনি। তবে সম্প্রচারের সময় যাদবের ইস্যুটি উল্লেখ করা হয়নি।
বিবিসি ওই অংশটুকু ইচ্ছাকৃতভাবে ডিলিট করে দিয়েছে বলে অভিযোগ শিরিন মাজারির। এটি ভারতের পক্ষে বিবিসির পক্ষপাত বলে দাবি করেন তিনি।
তবে বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে দাবি করেছে বিবিসি। সংস্থাটির দাবি, কোন ধরনের সেন্সরশিপ আরোপের জন্য এমনটি করা হয়নি। এটি ছিল কারিগরি ত্রুটি।
টুইটারে বিবিসির দেয়া ব্যাখ্যায় বলা হয়, ‘সাক্ষাৎকারটি ছিলো অনেক দীর্ঘ। তাই কারিগরি ত্রুটির কারণে ওই অংশটুকু বাদ পড়ে গেছে। আমরা ভিডিওটি সম্পাদনা করে অংশটুকু আবার প্রকাশ করবো।’
বিবিসির এমন ব্যাখ্যার জবাবে শিরিন মাজারি বলেন, ‘এই ব্যাখ্যা দুঃখজনক, বিবিসি সবসময় পক্ষপাতদুষ্ট আচরণ করে এবং এভাবে ভারত থেকে বড় অংকের টাকা পায় তারা।’
Sylhetnewsbd Online News Paper