দেশের মানুষ এখন স্বাধীনতা ও মূল্যবোধের পক্ষে: তোফায়েল

সিলেট নিউজ বিডি ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর, যারা স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করেছিলো, তারা আজ আস্তাকুড়ে নিক্ষেপ্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নতুন প্রজন্ম আজ আবার জাতির জনক বঙ্গবন্ধুকে জানতে ও বুঝতে শিখেছে। দেশের মানুষ এখন স্বাধীনতা ও মূল্যবোধের পক্ষে। যারা গ্রেনেড হামলাকারী তাদের সঙ্গে ড. কামাল কিভাবে হাত মিলিয়ে নীতিকথা বলে!’

রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পূর্নবাসন করেছেন জিয়াউর রহমান। ২০০১ সালে সারাদেশে অত্যাচারের তান্ডবলীলা চালিয়েছিলো বিএনপি, ভোলাতেও তারা সীমাহীন অত্যাচার করেছে। এমনকি রাষ্ট্রপতিকেও মিটিং করতে দেয়নি তারা।

লালামোহন-বোরহানউদ্দিনে নির্মম নির্যাতন ধর্ষণ করে সন্ত্রাসের জনপদ বানিয়েছিলো। আমার নামেও ৩৯টি মামলা দিয়েছে। কিন্তু গত বছর থেকে ভোলাতে কোন সহিংসতা নেই। এখন নির্বাচনী এলাকায় এসেই দুই হাফিজ শান্ত ভোলাকে অশান্ত করার চেষ্টা করছে।’

গত ১০ বছরে ভোলায় অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এলাকার রাস্তা, বিদ্যুৎ ও নদী ভাঙ্গন রোধ করেছি, গ্রামের উন্নয়ন করেছি, মানুষ অনেক ভালো আছে। কিন্তু বিএনপি আমলে কোন মন্ত্রী নদী ভাঙ্গন রোধ করেনি।’ এ সময় তিনি দলমত নির্বিশেষ নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড:সৈয়দ আশরাফ হোসেন লাভু,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, ভোলা সদর উপজেলার সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা শ্রমিক রীগের সাধারন সম্পাদক প্যানেল মেয়র শাহ-আলম প্রমুখ। অনুষ্টানে পৌর এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।