৭৭৩২ জন নতুন আইনজীবী হলেন

সিলেট নিউজ বিডি ডেস্ক: আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্টের (তালিকাভুক্তি) মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার বার কাউন্সিলের ওয়েবসাইটে উত্তীর্ণ ৭ হাজার ৭৩২ জনের এ ফলাফল প্রকাশ করা হয়।

বার কাউন্সিল ভবনে গত ১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গত বছরের ১৪ অক্টোবরের লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়।

গত বছরের ২১ জুলাই এমসিকিউ (প্রিলিমিনারি) পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২০০ জন অংশ নেন। পরদিন ২২ জুলাই দেয়া ফলাফলে এমসিকিউ (প্রিলিমিনারি) পরীক্ষায় মোট ১১ হাজার ৮৪৬ জন উত্তীর্ণ হয়েছিলো। পরে ১৪ অক্টোবর লিখিত পরীক্ষায় অংশ নেন তারা। চলতি বছরের ৪ জুন দেয়া ফলাফলে লিখিত পরীক্ষায় আট সহস্রাধিক পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।