সিলেট নিউজ বিডি ডেস্ক: প্রচারণার শেষ দিনে ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন সিলেট-১ (সদর ও মহানগর) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃস্পতিবার নগরী জিন্দাবাজারে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যনারে গণসংযোগের সময় একটি মিছিলও বের করা হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। পবিত্র এ মাটিতে অতীতে যারাই অপকর্ম করার চেষ্টা করেছেন, তাদের চরম পরিণতি গুণতে হয়েছে। শাহজালাল (র.), শাহপরাণ (র.) ও ৩৬০ আউলিয়ার মাটিতে কোনো অন্যায় আল্লাহ সহ্য করবেন না। ৩০ ডিসেম্বরের নির্বাচনের সরকারের যে সব আমলা ও প্রশাসনের যে সব কর্মকর্তা সিলেটে দায়িত্ব পালনের জন্য নিযুক্ত আছেন, তারা কোনো পক্ষপাতিত্ব বা অপকর্মের সঙ্গে জড়িত হলে, তাদেরকেও চরম পরিণতি ভোগ করতে হতে পারে। আর তাই নির্বাচন সংশ্লিষ্ট সকলকে যথাযথ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
অপরদিকে মিছিল শেষে ফেরার পথে মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেলসহ চার কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, ‘আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশ তাদের গ্রেফতার করেছে।’
Sylhetnewsbd Online News Paper