সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর রোববার সারাদেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আর মাত্র কয়েক ঘণ্টা রাত পোহালেই ভোট। শুক্রবার সকাল আট টায় শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। সিলেটের ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জমাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনের কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওয়ানা হয়েছেন।
সিলেটের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম জানান, ভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। বিকাল নাগাদ সেগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
তাই সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরের বিভিন্ন এলাকায় টহল ও যানবাহনে তল্লাশি করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার ছুটির দিনে হলেও নগরীর সড়ক অনেকটাই ছিল ফাঁকা। তবু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দিনভর তল্লাশী চালানো হয়েছে। নির্বাচনকে ঘিরে নেয়া কর্মপরিকল্পনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চালানো হচ্ছে মহড়াও।
এদিকে সিলেটে র্যাবও বিভিন্ন স্থানে অস্থায়ী চেকিং পোষ্ট বসিয়ে তল্লাশী চালায় বলে জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) মনিরুজ্জামান। তিনি জানান, ‘শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাবের টহল দলও মাঠে রয়েছে।’
৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সিলেট মহানগর ও জেলার সবকটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে সিলেট জেলা ও মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল-মুসা জানান, প্রতিটি কেন্দ্রের বাইরে এক বা একাধিক গুরুত্বপূর্ণ ওয়ার্ডে মোবাইল পেট্রোল টিমের পাশাপাশি ৪/৫টি ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে।
তিনি জানান, এর বাইরেও সদর দপ্তরে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে এবং প্রতিটি কেন্দ্রে সাদা পোশাকে নজরদারি করবে পুলিশ। এছাড়াও মহানগর পুলিশের আওতাধীন ২৯৩টি কেন্দ্রের মধ্যে ২০২টি গুরুত্বপূর্ণ কেন্দ্রেও বিশেষ নজরদারি রাখা হবে।
এদিকে সিলেট জেলায় ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত কমিশনার শামসুল ইসলাম সরদার। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন ছাড়াও প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল পেট্রোল থাকবে এবং প্রতিটি থানায় একটি স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে।
এছাড়াও জেলা পর্যায়ে ২টি বিশেষ স্ট্রাইকিং ফোর্স এবং প্রতিটি কেন্দ্রে সাদা পোশাকে পুলিশ নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে মোট আসন সংখ্যা ৬টি। ৬ আসনে মোট প্রার্থী হচ্ছেন ৪৪ জন। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ ৫২ হাজার ৭৬৪ জন। মোট উপজেলা ১৩টি এবং সিটি করপোরেশন একটি।
ভোটে সিলেট জেলায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ৪৪, নিয়োজিত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ জন। সেনাবাহিনীর ১৪টি ইউনিট সিলেটে মোতায়েন রয়েছে। এছাড়া বিজিবি ২৯.৫ প্লাটুন বিজিবিও নির্বাচনের মাঠে রয়েছে।
এছাড়া নির্বাচনে মোট ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে আছেন ১৫ হাজার ২শত ৫৪ জন। মোট রিজার্ভ ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে আছেন ১৫ হাজার ২৫ জন।
Sylhetnewsbd Online News Paper