আজ থেকে সিলেটের নতুন কারাগারে বন্দি স্থানান্তর

সিলেট নিউজ বিডি ডেস্কঃ শুক্রবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে শহরতলীর বাদাঘাটে নির্মিত নতুন কারাগারে বন্দি স্থানান্তর। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকা ও সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুরাতন কারাগারের প্রধান ফটকে নোটিশে বলা হয়, ‘সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক বন্দীদের সাথে তাদের আত্মীয় স্বজনসহ সকলের সাক্ষাৎ কার্যক্রম আগামী ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।’

১৭৮৯ সালে নগরীর ধোপাদীঘির পাড়ে ২৪ দশমিক ৬৭ একর জায়গায় তৎকালীন ব্রিটিশ রাজের প্রতিনিধি সিলেটের কালেক্টর জন উইলসন নির্মাণ করেন সিলেট কেন্দ্রীয় কারাগার। এতে নির্মাণ ব্যয় হয়েছিল এক লাখ রুপি।

২৩০ বছর পর সেই কারাগার সরিয়ে নেওয়া হচ্ছে নগরীর বাইরে শহরতলীর বাদাঘাট এলাকায়। নতুন কারাগারের বন্দির ধারণ ক্ষমতাও প্রায় আড়াই হাজার। রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধাও।

কারাগারটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৫ সালের জুন মাসে। নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করতে না পারায় তিন দফা মেয়াদ বৃদ্ধি করা হয়। সর্বশেষ ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে নবনির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করেন। এটি ছিল সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অগ্রাধিকার প্রকল্প।
উদ্বোধনের পর থেকে নবনির্মিত কারাগারের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় কারা কর্তৃপক্ষ। কারারক্ষীসহ কারা কর্মকর্তা-কর্মচারীরা নতুন কারাগারে অফিস করা শুরু করেন। তবে খুব গোপনীয়তার সাথে কারা কর্তৃপক্ষ বন্দী স্থানান্তরের প্রক্রিয়ায় এগোচ্ছিল।