নগরীতে ইয়াবা ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট নগরীর চালিবন্দরে ইয়াবা ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক ব্যবসায়ী। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় পূর্ব পরিকল্পিতভাবে ওই এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা ইমনের উপর হামলা চালায়। হামলায় ইমন দেব গুরুতর আহত হন। আহত ইমনকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ইমন ওই এলাকার বাসিন্দা অতুল চন্দ্র দেব এর পুত্র।

জানা যায়, চালিবন্দরে ইমন দেব’র লিমন স্টোর নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসা করে তিনি তার পরিবার পরিজন নিয়ে আছেন। অপরদিকে চালিবন্দরের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী সজল দেব। সে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। যুব সমাজকে ধ্বংস করে অবৈধভাবে তার ইয়াবা ব্যবসা পরিচালনা করছে। প্রতিদিন লিমন স্টোরের সামনে এসে তার ক্রেতাদের কাছে ইয়াবা দিয়ে থাকে। তার এসব অপরাধ কর্মকান্ডের বাঁধা দেন ব্যবসায়ী ইমন দেব। এতে ক্ষিপ্ত হয় ইয়াবা ব্যবসায়ী সজল দেব সহ তার সহযোগীরা। এসময় তারা ইমন দেব কে দেখে নেবে বলে শাসিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সজল দেব তার সহযোগী সৌরভ, ইমন, মাহির, জার্নেল সহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে নিয়ে এসে ইমন দেব এর উপর হামলা করে। ইমন কিছু বুঝার আগেই হামলাকারীরা হটিস্টিক দিয়ে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে।

এসময় ইমন মাটিতে লুটিয়ে পড়লে তারা দা, রামদা দিয়ে মাথা, পা সহ সারা শরীরে আঘাত করে। তাদের হামলায় গুরুতর আহত হন ব্যবসায়ী ইমন। এসময় হামলাকারী ইমনকে মৃত ভেবে মাটিলে ফেলে চলে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

ইমনের মাথার ৪টি ক্ষত স্থানে ২৩টি সেলাই দেওয়া হয়েছে বলে জানান আহত ইমন দেব এর ভাই সুমন দেব। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ইয়াবা ব্যবসায়ী সজল দেবকে কিছু দিন তার অপরাধ কর্মকান্ডের জন্য এলাকা থেকে বিতাড়িত করে দেয়া হয়। এলাকার যুবকদের ধ্বংসের মূল হোতা সজল তার সহযোগীদের নিয়ে চালিবন্দরে অপরাধ কর্মকান্ড করার অপরাধেই তাকে বিতাড়িত করা হয়।