নগরীতে বানান শুদ্ধি অভিযান চালিয়েছে ‘কাকতাড়ুয়া’

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ভাষার মাস ফেব্রুয়ারিতে নগরীতে বানান শুদ্ধি অভিযান চালিয়েছে সিলেটের স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘কাকতাড়ুয়া’।

গতকাল শনিবার রিকাবিবাজার থেকে লামাবাজার হয়ে কাজিরবাজার পর্যন্ত এ অভিযান চালানো হয়। বাংলা ভাষার প্রতি ভালোবাসা দেখিয়ে রাস্তায় রাস্তায় রোদে পুড়ে এ কাজটি করে তারা। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একদল তরুণপ্রাণ রং তুলি হাতে এ অভিযান চালায়। এ দোকান থেকে ও দোকান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিলবোর্ড-সাইনবোর্ড সবখানেই ছিলো তাদের দৃপ্ত পদচারণা। যেখানেই ভুল বাংলা বানান, সেখানেই চলে শুদ্ধি অভিযান। দোকান কিংবা প্রতিষ্ঠান মালিককে শত অনুরোধের পর একটি একটি করে পরম মমতায় বাংলা বানানগুলো শুদ্ধ করে দিয়েছে কাকতাড়ুয়ার সদস্যরা।

নগরীর মুদিদোকান থেকে শুরু করে বিলবোর্ড, সাইনবোর্ড, সরকারি, আধা-সরকারি, বেসরকারি অফিস, কারখানার ভুল বানানগুলো শুদ্ধ করা হয়। ভুল বাংলা বানান শুদ্ধ করেই ক্ষান্ত হয়নি কাকতাড়ুয়া, পরবর্তীতে একই ভুল কেউ যাতে না করে সে ব্যাপারেও সচেতনতা তৈরি করেছে দলটি।

২০১৪ সালের একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরি শেষে কাকতাড়ুয়ার ২০জন ছেলে-মেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বানান শুদ্ধির যাত্রা শুরু করে। প্রায় প্রতিমাসেই কাকতাড়ুয়ারা সিলেট শহরের অলিতেগলিতে ঘুরে বেড়ায়। কাকতাড়ুয়ার দল এখন পর্যন্ত মোট ৩১৫টি প্রতিষ্ঠানে বানান শুদ্ধির জন্য অনুরোধ করেছে। এর মধ্যে ২০২টি প্রতিষ্ঠানে বানান শুদ্ধ করতে সক্ষম হয়েছে। বাকিরা অচিরেই তাদের ভুল বানানগুলো শুদ্ধ করে নেবে বলে আশ্বাস দিয়েছে। তারা বিভিন্ন ছাপাখানা ও আর্টিস্ট প্রতিষ্ঠানেও শুদ্ধ করে বাংলা লেখার জন্য প্রচারণা চালিয়েছে।

অভিজিৎ পালের নেতৃত্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট সরকারী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অভিযানে অংশ নেন। অভিযানে ছিলেন ফয়সাল রহমান, তানভীর চৌধুরী পিয়েল, লুৎফুন্নাহার মাসুমা, মাহির চৌধুরী, পাপলু দে, নিশাত তানজুম চৌধুরী বন্যা, বেলায়েত খান, আমিনা আক্তার, নাহিদা আক্তার, উত্তম কাব্য, জাহিদ হাসান শুভ, নাইমা হক, বাপ্পী তালুকদার, মো. মিজানুর রহমান, দিলশাদ তালুকদার, মাহবুবুল হক ইমন, ফারজানা জেরিন, নিলয় মেহেদী, ফাহমিদা হিমালয়া, অপর্ণা ভৌমিক, অতনু অনিশ, চৈতি সেন প্রমুখ।