সিলেট নিউজ বিডি ডেস্কঃ নগরীর কদমতলী মুক্তিযোদ্ধা চত্তর এলাকায় নির্মিত পাবলিক টয়লেট বৃহস্পতিবার ০৭ ফেব্রুয়ারি বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ফিতা কেটে আনুষ্টানিক উদ্বোধন করেন। নারী-পুরুষ ও প্রতিবন্ধি উভয়ের ব্যবহার উপযোগী এ পাবলিক টয়লেট বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বহুজাতিক সেবা সংস্থা ‘ওয়াটার এইড’ এবং এইচ এন্ড এম ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশন এই পাবলিক টয়লেট নির্মাণ করে।
উদ্বোধন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ‘ক্রমান্নয়ে নগরীর জন গুরুত্বপূর্ণ স্থানে আরো বেশ ক’টি পাবলিক টয়লেট স্থাপন করা হবে। অত্যাধুনিক এই পাবলিক টয়লেট উদ্বোধনের মধ্যদিয়ে সিলেট নগরীর বাসিন্দাদের জীবন-মান আরো এক ধাপ এগিয়ে গেল।’
তিনি বলেন, পাবলিক টয়লেট মানুষের কাছে জনপ্রিয় হওয়ায় নগরীর আদালত চত্বর, টিলাগড়, শাহজালাল বিশ্ববিদ্যালয় এলাকাসহ জনগুরুত্বপূর্ণ স্থানে আরো কয়েকটি পাবলিক টয়লেট স্থাপন করা হবে। এ বিষয়ে ‘ওয়াটার এইড’ এবং এইচ এন্ড এম ফাউন্ডেশন এ কাজে সহায়তা করবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিসিকের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, ‘ওয়াটার এইড’ এবং এইচ এন্ড এম ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার এবিএম মোবাশের হোসাইনসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper