নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজার থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটকও করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে তাদের দুজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

সোমবার সকালে ডিএমপি পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর। নিখোঁজ হওয়া তিনছাত্রী ও আটক দুইজনকে সিলেট আনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নিখোঁজ তিন স্কুলছাত্রীর মধ্যে একজনের প্রেমের সূত্র ধরে তারা পালিয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়।’

গত শনিবার সকালে বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের দীঘলবাক ও ঢেউনগর এলাকা থেকে তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়। নিখোঁজ ছাত্রীরা সবাই সমবয়সী এবং মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করেন।

তাদের মধ্যে একজন বিয়ানীবাজারের শেওলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং অপর দু’জন ফেঞ্চুগঞ্জ উপজেলায় লেখাপড়া করেন। তারা শেওলা এলাকায় মামার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের উদ্ধার করা হয়।