ট্রেন দুর্ঘটনাঃ নার্সিং কলেজের দুই ছাত্রীর মৃত্যুতে ৩ দিনের শোক

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ট্রেন দুর্ঘটনায় সিলেট নার্সিং কলেজের দুই ছাত্রীর মৃত্যুতে মঙ্গলবার থেকে ৩ দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে। সানজিদা ও ইভার মর্মান্তিক মৃত্যুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ যৌথভাবে শোক কর্মসূচি ঘোষণা করে।

নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সাদেক বলেন, কর্মরত নার্স, শিক্ষক ও ডাক্তাররা কালো ব্যাজ ধারণ করে শোক পালন করছেন। রোববার রাতে কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত হন সিলেট নার্সিং কলেজের শেষ বর্ষের ছাত্রী সানজিদা আক্তার ও ফাহমিদা আক্তার ইভা।

মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান সানজিদার মায়ের কাছে লাশ হস্তান্তর করেন। সানজিদার বাড়ি খুলনা জেলার বাগেরহাটে। এ সময় ইউনুসুর রহমান জানান, ট্রেন দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি আহত সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে হাসপাতালে মাত্র দু’জন রোগী ভর্তি আছেন। তারাও দুই-একদিনের মধ্য ছাড়া পাবেন। সবাইকে ফ্রি চিকিৎসা, ওষুধ দেয়া হয়েছে।