বড়লেখা পৌরসভার ১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে নাগরিকদের উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

এবার ৩৭ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৭১৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ২৩ লাখ ৯৩ হাজার ৭১৯ টাকা।বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।

মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, এই শহর হবে স্বপ্নের শহর,এই শহরের উন্নয়নে আমরা দলমত নির্বিশেষে সকলেই এগিয়ে আসবে এই আমার প্রত্যাশা। বাজেটে পৌরসভার ড্রেনেজ, পৌর বাজারের যানজট নিরসন, রাস্তাঘাট নির্মাণ, পরিবেশ উন্নয়ন, সড়ক বাতি, বর্জ্য অপসারণ, অবকাঠামো নির্মাণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাজেট বাস্তবায়নে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও কাউন্সিলরসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ র’ সভাপতিত্বে এবং কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কাউন্সিলর আব্দুল হাফিজ ললন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলা উদ্দিন ডিলার, শিল্পপতি আব্দুল করিম প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর নাগরিক পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রিয়াজ উদ্দিন, নাগরিক সাইফুল ইসলাম খোকন, নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় কাউন্সিলর আব্দুল মতিন, আব্দুল মালিক জুনু, কবির আহমদ, নারী কাউন্সিলর রোকেয়া বেগম, সাবেক কাউন্সিলর ফাতেমা বেগমসহ শহরের গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।