বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ আহত ১

সিলেট নিউজ বিডি ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারথল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ চেষ্টাকারীদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিবর্ষণ করেছে। এসময় আহত হয়েছেন আবদুস শুক্কুর (৫৫) নামে একজন। তাকে আটক করেছে বিজিবি।

আবদুস শুক্কুর উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল মাঝগান্ধাই এলাকার রাকিব আলীর ছেলে।

শুক্রবার (২ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বড়লেখার বোবারতল সীমান্তের পিলার নম্বর ১৩৮০-১ এস ও ২-এস এলাকায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় আব্দুস শুক্কুরকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাতে বিজিবির বোবারতল ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেন বাদী হয়ে থানায় এই মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (২ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল মাঝগান্ধাই এলাকায় ১২ থেকে ১৪ জনের একটি দল অবৈধভাবে সীমান্তের জিরোলাইন অতিক্রিম করে ভারতে প্রবেশ করে। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরে পড়লে তাঁরা ধাওয়া করে। এতে অনুপ্রেশকারীরা দৌঁড় দিলে বিএসএফ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে আব্দুস শুক্কুর আহত হলেও অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে সকাল ১১টার দিকে বজিবির বোবারতল ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেনের নেতৃত্বে যাওয়া বিজিবির সদস্যরা আহত অবস্থায় সীমান্তের পিলার নম্বর ১৩৮০-১ এস ও ২এস এলাকায় আব্দুস শুক্কুরকে আটক করে। আটক শুক্কুর বিজিবির জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া অন্যান্যদের নাম বলে। পরে গুলিতে আহত আব্দুস শুক্কুরকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদানের পর পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় আব্দুস শুক্কুরকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা করেছে বিজিবি।

বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, শুক্রবার সকাল ৯টার দিকে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করে। সেটি দেখে বিএসএফ তাদের ধাওয়া করে একপর্যায়ে শর্টগানের গুলিবর্ষণ করে।এতে আবদুস শুক্কুর নামে একজন আহত হন। বিজিবি তাকে আটক করে হেফাজতে নিয়ে হাসপাতালে চিকিৎসা করায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে আটক ব্যক্তিসহ ১১ জনের নাম উল্লেখ করে তারা এজাহার দিলে থানায় মামলা হয়।

এ ব্যাপারে বিজিবি বোবারথল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।