দিল্লিতে সহিংসতার প্রতিবাদে উত্তাল সিলেটের রাজপথ

মস্তফা উদ্দিনঃ ওরা দিল্লীর মসজিদে নয়, আগুন দিচ্ছে বিশ্বের ১৮০ কোটি মুসলিমের কলিজায়। ভারতের উগ্র হিন্দুত্ববাদি গোষ্ঠি সে দেশের সাম্প্রদায়িক সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলমানদের উপর জুলুম নির্যাতনের যে নীল নকশা তৈরি করেছে, তার বিরুদ্ধে শান্তিকামী জনতা ও আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর প্রতিরোধ গড়ে না তুললে বিশ্বশান্তির জন্য বিপর্যয় বয়ে আনবে।

দিল্লি এখন সাম্প্রদায়িক সহিংসতা ও দাঙ্গার আগুনে জ্বলছে। হিন্দুত্ববাদীরা মুসলমানদের রক্ত ঝরাতে বেপরোয়া হয়ে উঠেছে। কিন্তু কিছু ব্যতিক্রম ঘটনাও ঘটছে। মুসলমান প্রতিবেশীদের বাঁচাতে গিয়ে জীবন বিপন্ন করেছে এক হিন্দু যুবক।

ভারতের দিল্লিতে মসজিদে আগুন ও মুসলমানদের বাড়ি-ঘর ভাঙ্গচুর, আগুন দিয়ে পুড়িয়ে দেয়াসহ মুসলমান হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি জুম্মার নামাজের পর বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি সিলেট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সিলেট সিটি পয়েন্ট এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার স্হানীয় ও কেন্দ্রীয় নেতা কর্মীরা ছাড়াও সিলেটের ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।